দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরিগুলোর দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রায় নয় মাস ধরে সমুদ্রে থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মধ্যে মানসিক চাপ, ক্লান্তি ও জীবনযাত্রার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে সিএনএন।
লিংকনকে ঘিরে বর্তমান মোতায়েন ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন বিমানবাহী রণতরির নিজ ঘাঁটির বাইরে সবচেয়ে দীর্ঘ অভিযানে পরিণত হতে পারে। এর আগে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ৩২৬ দিনব্যাপী মোতায়েনের মাধ্যমে দীর্ঘতম অভিযানের রেকর্ড গড়েছিল।
সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিতভাবে সাত মাস বা ২১০ দিনের নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ সময় বিমানবাহী রণতরি মোতায়েন রাখছে। বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা বলছেন, এ ধরনের দীর্ঘমেয়াদি মোতায়েন নাবিকদের মধ্যে মানসিক চাপ ও ক্লান্তি বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে নৌবাহিনীতে দক্ষ জনবল ধরে রাখার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
লিংকনে দায়িত্ব পালনরত এক নাবিকের ভাষ্য, জাহাজটিতে মনোবল খুবই কম। তিনি সহকর্মীদের মধ্যে আত্মহানির চিন্তার কথাও শুনেছেন বলে জানান। তাঁর দাবি, জাহাজের বিভিন্ন টয়লেট ও পানির ফোয়ারা প্রায়ই বন্ধ থাকে এবং গরম পানির সংকটও দেখা দেয়।
ওই নাবিক বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে তাঁরা জাহাজের ক্যাপ্টেনের বক্তব্য শোনেন এবং কখন দেশে ফেরার সুযোগ মিলবে, সেই ঘোষণার অপেক্ষায় থাকেন।
নাবিক ও তাঁদের পরিবারের সদস্যরা জানান, লিংকনে মাঝে মাঝে খাবার, পরিচ্ছন্নতাসামগ্রী ও পানির ব্যবস্থায় সংকট দেখা দিচ্ছে। আগে জাহাজের দোকানে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাসামগ্রী সহজেই পাওয়া গেলেও এখন অনেক পণ্য সীমিত পরিমাণে দেওয়া হচ্ছে।
সিএনএনের আগের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে লিংকন স্ট্রাইক গ্রুপের দুই নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। দুজনকেই জীবিত উদ্ধার করা হয়। নেভি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদনে আরও কয়েকজন নাবিককে সমুদ্রে ঝাঁপ দেওয়া থেকে ঠেকানোর কথা বলা হয়েছে।
তবে মার্কিন নৌবাহিনী এসব দাবির সঙ্গে পুরোপুরি একমত নয়। এক বিবৃতিতে তারা জানায়, জাহাজটিতে আত্মহত্যার চিন্তা বা চেষ্টার হার বেড়েছে—এমন কোনো তথ্য তারা পায়নি। নাবিকদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসা, মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় সহায়তা দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়েছে।
দীর্ঘমেয়াদি মোতায়েনের কারণে শুধু নাবিকরাই নয়, তাঁদের পরিবারের সদস্যরাও চাপে পড়ছেন। পরিবারের পাঠানো পার্সেল কয়েক মাস দেরিতে পৌঁছানো বা হারিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। একজন নাবিকের স্ত্রী জানান, দীর্ঘদিনের মোতায়েনের কারণে তাঁর স্বামীর আচরণে পরিবর্তন এসেছে এবং তিনি আগের তুলনায় বেশি রাগান্বিত ও হতাশ হয়ে পড়ছেন।
মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরির স্বাভাবিক মোতায়েন চক্র সাধারণত সাত মাসের। কিন্তু ২০২৩ সালের অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে একাধিক রণতরির মোতায়েন নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়েছে। ২০২৫ সালে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ৩২৬ দিন মোতায়েন থেকে ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম মোতায়েনের রেকর্ড গড়ে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় সমুদ্রে থাকলে জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ ও অবকাঠামোতেও চাপ বাড়ে। সাময়িকভাবে মেরামত করা হলেও ছোটখাটো সমস্যা একপর্যায়ে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি দায়িত্ব পালনে নাবিকদের ক্লান্তি ও মানসিক চাপ বাড়ে।
বর্তমানে লিংকন স্ট্রাইক গ্রুপ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, ইরানে হামলা ও মার্কিন অবরোধ কার্যকর করতে লিংকন স্ট্রাইক গ্রুপের বিমানগুলো প্রায় ১০ হাজারটি উড্ডয়ন পরিচালনা করেছে।
এদিকে লিংকনকে দায়িত্ব থেকে সরিয়ে নিতে জাপানভিত্তিক ইউএসএস জর্জ ওয়াশিংটন এগিয়ে আসছে। তবে লিংকনের দেশে ফেরার আগে মোতায়েনের সময় আরও বেড়ে গেলে এটি ফোর্ডের ৩২৬ দিনের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।
মার্কিন নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও দীর্ঘমেয়াদি মোতায়েনের বর্তমান কাঠামো নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তার কথা বলছেন। তাঁদের মতে, বর্তমান ব্যবস্থা শান্তিকালীন পরিস্থিতিকে মাথায় রেখে তৈরি হলেও সাম্প্রতিক সংঘাত ও দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের বাস্তবতায় নতুন ধরনের বাহিনী পরিচালনা কাঠামো প্রয়োজন।
সূত্র: সিএনএন
এমএস/